নেত্রকোনায় উচ্চ শব্দে সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে মোস্তফা আমির ফয়সাল হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি আলামিনকে (৩৬) গ্রেপ্তার করেছে র্যাব-১৪।
সোমবার (১৬ নভেম্বর) রাত ১১টা ১৫ মিনিটের দিকে নেত্রকোনা সদর উপজেলার কুরপাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব-১৪-এর ময়মনসিংহ সদর কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া ফারজানা।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১ জুন রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার উত্তর বিশিউড়া এলাকায় উচ্চ শব্দে সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে মোস্তফা আমির ফয়সাল, রাব্বি হাসান রবিন ও আব্দুল্লাহ আল ফাহিম ওরফে সৌরভের সঙ্গে আলামিন ও তার সহযোগীদের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে আলামিন ও তার সহযোগীরা তাদের ওপর অতর্কিত হামলা চালিয়ে মারধর করে। এতে তারা গুরুতর আহত হন।
পরে আহতদের উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২ জুন রাতে মোস্তফা আমির ফয়সালের মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের বাবা নজরুল ইসলাম বাদী হয়ে ৩ জুন নেত্রকোনা সদর থানায় হত্যা মামলা করেন। মামলায় দণ্ডবিধির ১৪৩/৩২৩/৩০২/৩০৭/৫০৬/১১৪/৩৪ ধারায় অভিযোগ আনা হয়।
ঘটনার পর থেকে পলাতক আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি চালিয়ে আসছিল র্যাব-১৪। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে আলামিনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আলামিনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নেত্রকোনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের জানান, গত রাতে র্যাব-১৪ আসামিকে আমাদের কাছে হস্তান্তর করেছে, আইনানুগ ব্যবস্থা শেষে আজ তাঁকে আদালতে প্রেরণ করা হবে।

























