শ্রীলঙ্কার বিপক্ষে ফারহান আলী ওয়াহিদের দুর্দান্ত গোলটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা। পাঁচ-ছয়জন প্রতিপক্ষকে কাটিয়ে করা সেই গোলের পর অনেকেই তাকে মেসি, নেইমার কিংবা লামিনে ইয়ামালের সঙ্গে তুলনা করছেন। তবে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া চান না, অন্য কারও পরিচয়ের ছায়ায় হারিয়ে যাক ফারহানের নিজস্ব পরিচিতি।
বুধবার জাতীয় স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে ৪-০ গোলের জয়ে ৫২তম মিনিটে ফারহান যে গোলটি করেছেন, তা নিয়ে মুগ্ধতা প্রকাশ করেছেন কোচ টমাস ডুলি থেকে শুরু করে সমর্থকরা। অধিনায়ক জামাল ভূঁইয়া এটিকে জাতীয় স্টেডিয়ামে তার দেখা অন্যতম সেরা গোল হিসেবে অভিহিত করেছেন।
তবে ফারহানকে অন্য তারকাদের সঙ্গে তুলনা করার প্রবণতায় আপত্তি জানিয়েছেন জামাল। তিনি বলেন, ‘আপনারা নিজেরাই বলছেন নেইমার, মেসি, লামিনে ইয়ামাল। আসলে আমি চাই ফারহান তার নিজের প্রোফাইল বড় করুক। বাংলাদেশের সমর্থকরা সবসময় বলে আমার মেসি, আমার লামিনে ইয়ামাল। কিন্তু আমি চাই সে নিজের নামেই বড় হোক। এটি ফারহান আলীর গোল, অন্য কোনো খেলোয়াড়ের নয়।’
শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের আনন্দের পাশাপাশি দলের রক্ষণভাগ নিয়েও সন্তুষ্ট জামাল। সাফের দুই ম্যাচেই গোল হজম করেনি বাংলাদেশ। এখন দলের পুরো মনোযোগ শনিবার রাত আটটায় অনুষ্ঠিতব্য পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচের দিকে।


























