সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনির স্ত্রী ফারজানা আফরোজ জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন বলে যে খবর ছড়িয়েছে, তা ভিত্তিহীন বলে দাবি করেছেন রনি। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আফরোজ তাঁর স্ত্রী নন।
বিভিন্ন গণমাধ্যমে এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষারের বরাত দিয়ে এ খবর প্রচার করা হয়। তবে বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে সারোয়ার তুষার গণমাধ্যমকে বলেন, ‘আমার নাম ব্যবহার করে অনেক গণমাধ্যম দায়িত্বজ্ঞানহীনভাবে সংবাদ প্রকাশ করছে। আমি এমন কোনো কথা বলিনি। তবে সাতকানিয়া উপজেলার একজন সাবেক ভাইস চেয়ারম্যান এনসিপিতে যোগ দিচ্ছেন।’
এদিকে নিজের ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক পেজে ফারজানা আফরোজের ছবি শেয়ার করে গোলাম মাওলা রনি বলেন, ‘এই মহিলা আমার স্ত্রী নন। তিনি সাতকানিয়া জামাত নেতা জনাব হারুনের সাবেক স্ত্রী, চট্টগ্রামের বিতর্কিত আওয়ামী লীগ নেতা ঘি বাবুলের ঘনিষ্ঠ বান্ধবী এবং আমেরিকা প্রবাসী ইলিয়াসের আপনজন।’
এ বিষয়ে ফারজানা আফরোজের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনো সাড়া পাওয়া যায়নি।


























