প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে নীলফামারীর সৈয়দপুরে জোরেশোরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছে পৌর কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে সৈয়দপুর-পার্বতীপুর সড়কের পাশে দীর্ঘদিন ধরে জমে থাকা বর্জ্যের স্তূপের ওপর বালু ফেলে তা ঢেকে দেওয়া হচ্ছে। সেই সঙ্গে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোর আবর্জনা পরিষ্কার ও রোড ডিভাইডার মেরামতের কাজ চলছে পুরোদমে। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে দুর্গন্ধে চরম ভোগান্তি পোহাতে হলেও এতদিন কোনো উদ্যোগ নেওয়া হয়নি; প্রধানমন্ত্রীর সফর ঘিরে এখন লোকদেখানো তৎপরতা চালানো হচ্ছে।
রোববার সকালে সৈয়দপুর শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন ড্রিম প্লাস হোটেলের সামনের অংশে গিয়ে দেখা যায়, রাস্তার পাশের উন্মুক্ত ময়লার স্তূপে বালু ফেলে আড়াল করার চেষ্টা চলছে। ফলে আপাতদৃষ্টিতে জায়গাটি পরিষ্কার দেখালেও বর্জ্যের কোনো স্থায়ী সমাধান হচ্ছে না। নির্ধারিত সফরসূচি অনুযায়ী, সৈয়দপুর বিমানবন্দর থেকে এই সড়ক ব্যবহার করেই রংপুরের উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিগত কয়েক বছর ধরে পৌর এলাকার বিভিন্ন বাসা-বাড়ি, ক্লিনিক ও হোটেলের বর্জ্য উন্মুক্ত এই স্থানে ফেলা হচ্ছিল। এর ফলে তীব্র দুর্গন্ধের কারণে পথচারী, যাত্রী ও আশপাশের বাসিন্দাদের নাভিশ্বাস উঠত। দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে স্থানীয়রা বারবার স্থায়ী সমাধানের দাবি জানিয়ে আসছিলেন।
সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক ফারাহ ফাতেহা তাকমিলা জানান, প্রধানমন্ত্রী সৈয়দপুর পৌর এলাকা দিয়ে সড়কপথে রংপুরে যাবেন। তাঁর আগমন উপলক্ষে শহরকে পরিচ্ছন্ন রাখার অংশ হিসেবে বর্জ্য অপসারণ ও সৌন্দর্যবর্ধনের নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
























