বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ‘পরিচালক জনসংযোগ’ পদের দীর্ঘ চড়াই-উতরাই পার করে অবশেষে অবসরে যাচ্ছেন অভিজ্ঞ এই কর্মকর্তা। একটানা ছাব্বিশটি বছর পিডিবির মতো অত্যন্ত সংবেদনশীল প্রতিষ্ঠানে দায়িত্ব পালন শেষে আগামী ২৯ অক্টোবর, ২০২৬ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব থেকে মুক্ত হচ্ছেন।
দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করে তিনি জানান, বিদ্যুৎ বিভাগের জনসংযোগ বিভাগে কাজ করা এক চরম ধৈর্যের পরীক্ষা। সামান্য মেঘের গর্জনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলেও ক্ষোভ এসে পড়ে জনসংযোগ পরিদপ্তরের ওপর। সেখানে শান্ত থেকে সংবাদমাধ্যম ও সাধারণ মানুষকে পরিস্থিতি বুঝিয়ে বলা এবং নিয়মিত প্রেস রিলিজ তৈরি করার চ্যালেঞ্জ সামলাতে হয়েছে প্রতিনিয়ত।
তিনি জানান, চাকরির এই দীর্ঘ ২৬ বছরে যত প্রেস রিলিজ ও ব্যাখ্যা তৈরি করতে হয়েছে, তা একত্র করলে ঢাকা থেকে কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্র পর্যন্ত একটি পেপার ট্রান্সমিশন লাইন তৈরি করা সম্ভব হতো। সার্বক্ষণিক ব্যস্ততা ও জরুরি ফোনকলের চাপ পেরিয়ে অবশেষে বিশ্রামের সুযোগ পাওয়ায় সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
সহকর্মীদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ‘সহকর্মীরাই ছিলেন আমার কর্মজীবনের আসল ভোল্টেজ স্ট্যাবিলাইজার। কঠিন পরিস্থিতিতে তাঁদের নিরবচ্ছিন্ন সহযোগিতা ও ধৈর্য না থাকলে দীর্ঘ এই পথ পাড়ি দেওয়া সহজ হতো না।’


























