সরকারি প্রকল্পের জমি অধিগ্রহণে অনিয়মের তদন্ত করে প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সুপারিশ করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনকে চাকরিচ্যুত করা হয়েছিল। দীর্ঘ আইনি লড়াই শেষে অবশেষে তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ দিয়েছে দুদক। প্রজ্ঞাপন অনুযায়ী, তিনি জ্যেষ্ঠতা ও সব বকেয়া বেতন-ভাতা প্রাপ্য হবেন।
২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি পটুয়াখালী কার্যালয়ে কর্মরত থাকাকালীন তাকে অপসারণ করা হয়েছিল। এর আগে চট্টগ্রাম কার্যালয়ে দায়িত্ব পালনকালে সরকারি প্রকল্পের অনিয়ম উন্মোচন করে তিনি আলোচনায় আসেন। তার অপসারণের প্রতিবাদে দুদকের প্রধান কার্যালয়ের সামনে কর্মীরা মানববন্ধনও করেছিলেন।
চাকরিচ্যুতিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছিলেন শরীফ উদ্দিন। চূড়ান্ত শুনানির পর হাইকোর্ট তার অপসারণের আদেশকে আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করেন এবং তাকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেন। এই আদেশের বিরুদ্ধে দুদকের লিভ টু আপিল আবেদনটি পরবর্তীতে আপিল বিভাগের চেম্বার আদালতে খারিজ হয়ে যায়।























