অভিনয়জীবনের ব্যস্ততা, নতুন সিনেমার শুটিং আর ছোটপর্দার একাধিক ধারাবাহিক সব মিলিয়ে সময়টা বেশ ব্যস্ততার মধ্য দিয়েই কাটছে অভিনেত্রী দীপা খন্দকারের। তবে বছরের বিশেষ দিনটিতে কাজের ব্যস্ততা থেকে একটু বিরতি চান তিনি। আজ তার জন্মদিন। দিনটি পরিবারের সঙ্গে কাটানোর পাশাপাশি দর্শকের ভালোবাসা ও শুভকামনাকে জীবনের বড় প্রাপ্তি মনে করছেন এই অভিনেত্রী।
জন্মদিনে বড় কোনো আয়োজনের পরিকল্পনা নেই দীপার। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোই তার কাছে সবচেয়ে আনন্দের। এ ছাড়া চ্যানেল আইয়ের একটি সরাসরি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তার। সেখানে কেক কেটে জন্মদিন উদযাপন করবেন।
দীপা খন্দকার বলেন, ‘জন্মদিন নিয়ে আমার খুব বেশি আয়োজন বা পরিকল্পনা থাকে না, বরং পরিবারের সঙ্গে সময় কাটাতেই বেশি ভালো লাগে। এবারও জন্মদিনে পরিবারের সঙ্গে থাকার ইচ্ছা আছে। কিছুদিন আগ পর্যন্ত জানতাম, জন্মদিনের সময় কুষ্টিয়ায় নতুন সিনেমার শুটিংয়ে থাকতে হবে। তবে শিডিউলে কিছুটা পরিবর্তন এসেছে। ফলে জন্মদিনে শুটিং থেকে বিরতি পাওয়ার সুযোগ হয়েছে। এটা আমার জন্য আনন্দের। কারণ, পরিবার চায় অন্তত বছরের এই একটি দিন যেন তাদের সঙ্গে কাটাই।’
দীর্ঘ অভিনয়জীবনে দর্শকের কাছ থেকে পাওয়া ভালোবাসাকেও বিশেষ প্রাপ্তি মনে করেন তিনি। জন্মদিনে পাওয়া শুভেচ্ছা ও শুভকামনা তাকে নতুন করে অনুপ্রাণিত করে বলে জানান এই অভিনেত্রী। তার ভাষায়, এত মানুষের ভালোবাসা পাবেন, একসময় তা কল্পনাও করেননি। বাইরে গেলে দর্শক সরাসরি তাদের ভালো লাগা কিংবা অপছন্দের কথা জানান। একজন শিল্পী হিসেবে এসব প্রতিক্রিয়াকে ইতিবাচকভাবেই দেখেন তিনি।
এদিকে ছোটপর্দার পাশাপাশি বড় পর্দায়ও ব্যস্ততা রয়েছে দীপার। বর্তমানে কুষ্টিয়ায় ‘আবার দেখা হলে’ সিনেমার শুটিং করছেন। মধ্যবিত্ত জীবনের আবেগ, সম্পর্ক ও মূল্যবোধ নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। গল্প ও চরিত্র পছন্দ হওয়ায় কাজটির প্রতি আগ্রহী হয়েছেন তিনি।
সিনেমাটি নিয়ে দীপা বলেন, ‘আমাদের চারপাশে যে মধ্যবিত্ত জীবন দেখি, সেই জীবনের নানা আবেগ, সম্পর্ক ও মূল্যবোধ এখানে উঠে এসেছে। সব মিলিয়ে কাজটি করতে খুব ভালো লাগছে। একজন শিল্পী হিসেবে ভালো গল্প এবং সুন্দর একটি চরিত্র পাওয়াটা গুরুত্বপূর্ণ। আমি শুধু সিনেমার সংখ্যা বাড়ানোর জন্য কখনোই কাজ করতে চাইনি। গল্প ও চরিত্র ভালো লাগলে তবেই রাজি হয়েছি।’ ঈদে ‘আবার দেখা হলে’ মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিনেমাটি নিয়ে আশাবাদী দীপা। তবে দর্শককে হলে গিয়ে সিনেমাটি দেখার আহ্বান জানিয়ে এর গল্প সম্পর্কে আগাম বিস্তারিত বলতে চান না তিনি।
ছোটপর্দায়ও নিয়মিত কাজ করছেন এই অভিনেত্রী। ‘ফিরে আসার গল্প’, ‘বকুলপুর সিজন থ্রি’সহ বেশ কয়েকটি ধারাবাহিক ও খণ্ড নাটকে অভিনয় করছেন। মাসে ১২ দিন শুটিংয়ের জন্য বরাদ্দ রাখার চেষ্টা করলেও বাস্তবে অনেক সময় ২০ দিনের বেশি কাজ করতে হচ্ছে তাকে।

























