নাটোরে গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম হত্যা মামলায় নাটোর-৪ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে ও গুরুদাসপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান মিন্টুর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার বিকেলে ডিবি হেফাজতে থাকা মিন্টুকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে নাটোর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় মামলার অধিকতর তদন্ত ও জিজ্ঞাসাবাদের জন্য গুরুদাসপুর থানার উপপরিদর্শক আমীর হোসেন ১০ দিনের রিমান্ড আবেদন জানান। শুনানি শেষে আদালতের বিচারক মেহেদী হাসান তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে সোমবার রাতে গুরুদাসপুরে নিজ বাসভবন থেকে মিন্টুকে হেফাজতে নেয় গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মামলার বিবরণ অনুযায়ী, গত ১৪ অক্টোবর রাতে উপজেলার চাঁচকৈড় বাজার থেকে বাড়ি ফেরার পথে হেলমেট পরা কয়েকজন দুর্বৃত্ত শাকিলকে লক্ষ্য করে গুলি করে এবং কুপিয়ে জখম করে পালিয়ে যায়।
গুরুতর আহত শাকিলকে প্রথমে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকার পিজি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তাঁর মৃত্যু হয়।

























