গাইবান্ধায় অভিনব কায়দায় দুটি মোটরসাইকেলের তেলের ট্যাংকির ভেতর লুকিয়ে রাখা সাড়ে ৭ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল দুটিও জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গোরকমণ্ডপ গ্রামের মো. নুর জামালের ছেলে মো. মাইদুল ইসলাম (২২) এবং মো. শামসুল হকের ছেলে মো. শাকিল খান (২২)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গাইবান্ধা সদর উপজেলার দাঁড়িয়াপুর বাজার এলাকায় একটি গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। সুন্দরগঞ্জ থেকে আসা দুটি নীল রঙের ১৬০ সিসির মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালালে এগুলোর তেলের ট্যাংকির ভেতর থেকে সাড়ে ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ২৫ হাজার টাকা।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. এনামুল হক বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।
বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম জানান, গ্রেফতার ব্যক্তিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং মাদকের বিরুদ্ধে এ ধরনের জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে।


























