গাইবান্ধায় ঘাঘট নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার তিন দিন পর নাজমুল হুদা নিয়ন (৪০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল। শনিবার বিকেলে গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের কাজলডোপ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত নিয়ন গাইবান্ধা শহরের পশ্চিমপাড়া এলাকার মোয়াজ্জেম হোসেনের ছেলে। তিনি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। পরিবারে তাঁর স্ত্রী ও দুই কন্যাসন্তান রয়েছে। ছুটি উপলক্ষ্যে বাড়িতে এসে গত বৃহস্পতিবার স্বজনদের সঙ্গে ঘাঘট নদীতে গোসল করতে নেমে স্রোতের টানে নিখোঁজ হন তিনি।
গাইবান্ধা সদর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ রিফাত আল মামুন জানান, খবর পাওয়ার পর থেকে ফায়ার সার্ভিস ও রংপুরের ডুবুরি দল যৌথভাবে উদ্ধার অভিযান চালায়। অবশেষে শনিবার বিকেলে অকুস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে কাদার ভেতর থেকে তাঁর মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


























