আমার মৃত্যুর জন্য শিল্পী রাণী মোদক (ইউএনও) দায়ী থাকবেন—এমন ফেসবুকে পোস্ট দিয়ে আলোচনায় আসা সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমান শান্তকে প্রত্যাহার করা হয়েছে। তাঁকে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সংস্থাপন শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
এর আগে গত শুক্রবার রাতে ‘এসিল্যান্ড জামালগঞ্জ’ নামের ফেসবুক আইডি থেকে দুটি পোস্ট দেওয়া হয়। একটি পোস্টে লেখা হয়, মৃত্যুর জন্য ইউএনও শিল্পী রাণী মোদক দায়ী থাকবেন এবং অন্যটিতে অ্যাডমিন ক্যাডার থেকে পদত্যাগের ঘোষণা দেওয়া হয়। এই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড় ওঠে। ঘটনার পর অসুস্থ বোধ করলে এসিল্যান্ড আরিফুর রহমানকে প্রথমে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে এবং পরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শে তাঁকে ঢাকায় স্থানান্তরিত করা হয়। অন্যদিকে, ইউএনও শিল্পী রাণী মোদক তাঁর ফেসবুক আইডি হ্যাক হয়েছে বলে দাবি করে সবাইকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।
সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান জানান, তাঁরা নিয়মিত আরিফুর রহমানের খোঁজখবর রাখছেন এবং চিকিৎসাধীন অবস্থায় তাঁর পাশে পরিবারের পাশাপাশি অফিসের লোকজনও রয়েছে। তিনি সুস্থ হয়ে কর্মস্থলে ফিরলে মূলত ঘটনার পেছনের কারণ জানা সম্ভব হবে। বর্তমানে তাঁর চিকিৎসাকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি।






















