ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার ৩ নম্বর আমুয় ইউনিয়ন শাখা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে দিনব্যাপী ‘কর্মী শিক্ষা শিবির-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) আমুয় বন্দরের মহারাজ টাওয়ারের অডিটোরিয়ামে এই কর্মসূচিতে ইউনিয়ন ও উপজেলার বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
আমুয়া ইউনিয়ন জামায়াতের ভারপ্রাপ্ত আমির অধ্যাপক আবু ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও ঢাকা মহানগরী উত্তরের শিল্প ও বাণিজ্য বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শেখ নেয়ামুল করিম এবং ঝালকাঠি-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. ফয়জুল হক।
দিনব্যাপী এই আয়োজনে কর্মীদের আদর্শিক মানোন্নয়ন, দাওয়াতী কার্যক্রম, স্থানীয় নির্বাচনে করণীয় এবং সাংগঠনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। সমাপনী অধিবেশনের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।

























