সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচারের সময় কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে একটি ট্রলার থেকে নারী ও শিশুসহ ২৮ জনকে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শুক্রবার (২০ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সৈকতের লাবণী পয়েন্টে একটি ট্রলার ভিড়লে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫) ও কোস্টগার্ডের সদস্যরা অভিযান চালিয়ে তাদের উদ্ধার করেন। তবে এ সময় ট্রলারে থাকা পাচারকারীরা পালিয়ে যায়।
কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করার পাশাপাশি এই মানবপাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
উদ্ধার হওয়া ব্যক্তি ও সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য অনুযায়ী, টেকনাফ থেকে ৭২ জন নারী, পুরুষ ও শিশুকে একটি মাছ ধরার ট্রলারে করে মালয়েশিয়া নেওয়ার পরিকল্পনা ছিল। প্রায় এক সপ্তাহ সাগরে থাকার পর ট্রলারের মাঝিমাল্লা ও পাচারকারী চক্রের সদস্যদের মধ্যে বিরোধ বাধে। এর জের ধরে শুক্রবার রাতে তাদের লাবণী পয়েন্টে নামিয়ে দিয়ে ট্রলার থেকে পালিয়ে যায় চক্রের সদস্যরা।
উদ্ধার ব্যক্তিদের একজন টেকনাফ সদর ইউনিয়নের কচুবনিয়া এলাকার বাসিন্দা ইলিয়াস জানান, গত ১২ নভেম্বর মিঠাপানির ছড়া নৌঘাট থেকে ছোট নৌকায় করে তাদের সাগরে থাকা একটি বড় ট্রলারে নেওয়া হয়। এরপর কয়েক দিন সাগরে কাটাতে হয় তাদের। ট্রলারে থাকা ১৭ জন মাঝিমাল্লা ও দালালের মধ্যে বিরোধের পর তাদের লাবণী পয়েন্টে নামিয়ে দিয়ে পালিয়ে যায় তারা।























