পাকিস্তানের করাচি এক্সপো সেন্টারে আয়োজিত চতুর্থ আন্তর্জাতিক খাদ্য ও কৃষি প্রদর্শনী-২০২৬ (ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ পাকিস্তান-টিডিএপি)-তে যৌথভাবে সাড়া ফেলেছে বাংলাদেশের সুস্বাদু চা ও প্রক্রিয়াজাত খাদ্যসামগ্রী। ‘হার্ভেস্টিং ইনোভেশন, কাল্টিভেটিং সাসটেইনেবিলিটি’ প্রতিপাদ্যে শুরু হওয়া চার দিনব্যাপী এ মেলা চলবে আগামী ২৬ নভেম্বর পর্যন্ত।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহায়তায় এবং করাচিস্থ বাংলাদেশ উপহাইকমিশনের প্রত্যক্ষ ব্যবস্থাপনায় মেলায় স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছে বাংলাদেশ চা বোর্ড, বাংলাদেশ কৃষি প্রক্রিয়াজাত খাদ্য সমিতি (বাপা) এবং শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী প্রাণ। চা বোর্ডের তোরণে ইস্পাহানি টি, আবুল খায়ের লিমিটেড, মেঘনা গ্রুপ, সিটি গ্রুপ, ফিনলে, কাজী অ্যান্ড কাজী এবং হালদা ভ্যালির মতো মানসম্পন্ন চায়ের বৈচিত্র্যময় পণ্যাদি আন্তর্জাতিক ক্রেতাদের সামনে প্রদর্শন করা হচ্ছে।
সোমবার (২৩ নভেম্বর) সকালে মেলা চত্বরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পাকিস্তানের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত প্রধানমন্ত্রীর সমন্বয়কারী রানা ইহসান আফজাল খান। এরপর বাংলাদেশ প্যাভিলিয়নের ফিতা কেটে উদ্বোধন করেন করাচিতে নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার মুহাম্মদ সাকিব সাদাকাত।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বাণিজ্য যৌথ সচিব মেহেদী হাসান, রপ্তানি উন্নয়ন ব্যুরোর উপপরিচালক মাহমুদা খাতুন, বাংলাদেশ উপহাইকমিশনের প্রথম সচিব মো. মনজুর হোসেনসহ করাচির বিভিন্ন সরকারি কর্মকর্তা এবং বাংলাদেশি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিশ্বের ৫০টিরও বেশি দেশের প্রায় ৫০০ জন বিদেশি ক্রেতা ও প্রতিনিধি এবারের মেলায় অংশ নিয়েছেন। এতে প্রক্রিয়াজাত খাদ্য, কৃষিজাত পণ্য, দুগ্ধ, মৎস্য, মসলা, ভোজ্যতেল ও আধুনিক কৃষি প্রযুক্তি সংক্রান্ত ২০টি প্রধান খাতের সামগ্রী প্রদর্শিত হচ্ছে।
সংশ্লিষ্টরা আশা করছেন, এই প্রদর্শনীতে অংশগ্রহণের মধ্য দিয়ে পাকিস্তানসহ অংশগ্রহণকারী দেশগুলোর সাথে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ যোগাযোগ দৃঢ় হবে। পাশাপাশি সরাসরি বিটুবি (B2B) বৈঠক ও সম্ভাব্য সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের মাধ্যমে বাংলাদেশি পণ্যের বিশ্ববাজার সম্প্রসারিত হবে। মেলাটি প্রথম তিন দিন বাণিজ্যিক প্রতিনিধিদের জন্য সংরক্ষিত থাকলেও শেষ দিন সর্বসাধারণের প্রবেশের জন্য উন্মুক্ত রাখা হবে।


























