বলিউড তারকা শহিদ কাপুর ও তার স্ত্রী মীরা রাজপুত দাম্পত্য জীবনের সফল এক দশক পার করছেন। এবারই প্রথম টেলিভিশন পর্দায় যৌথভাবে হাজির হচ্ছেন এই তারকা দম্পতি। জনপ্রিয় ওটিটি অনুষ্ঠান ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর বিশেষ দীপাবলি পর্বে স্বামী শহিদ কাপুর এবং দেবর অভিনেতা ঈশান খট্টরের সঙ্গে অংশ নিয়েছেন মীরা। সম্প্রতি পর্বটির প্রচার ঝলক প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।
প্রকাশিত ঝলকে দেখা যায়, কপিল শর্মার সঞ্চালনায় জমজমাট আড্ডায় মেতেছেন মীরা রাজপুত। কথার ফাঁকে উঠে আসে শহিদের নানা অজানা অভ্যাস। আড্ডার একপর্যায়ে সঞ্চালক কপিল যখন মীরাকে প্রশ্ন করেন—শহিদের কোন অভ্যাসে তিনি সবচেয়ে বেশি বিরক্ত হন? মীরা তাৎক্ষণিক জবাবে পাল্টা জিজ্ঞেস করেন, ‘কোনটা বলব, একটা?’ স্ত্রীর এমন চটজলদি রসবোধে ভড়কে যান স্বয়ং শহিদ কাপুর, আর হাসির রোল ওঠে উপস্থিত দর্শকদের মাঝে।
অনুষ্ঠানে শহিদ জানান, ‘উড়তা পাঞ্জাব’ সিনেমায় তার চরিত্র দেখে কতটা অস্বস্তিতে পড়ে দূরে সরে বসেছিলেন মীরা। আগামী ৩১ অক্টোবর ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে সম্প্রচারিত হতে যাওয়া বিশেষ এই পর্বটি নিয়ে দর্শকের আগ্রহ এখন তুঙ্গে।
























