চলচ্চিত্র নির্মাতাদের আস্থার প্রতীক হয়ে উঠেছেন জনপ্রিয় অভিনেতা শরিফুল রাজ। ‘আইসক্রিম’ দিয়ে অভিনয়জীবন শুরু করে ধারাবাহিকভাবে নিজের অবস্থান শক্ত করেছেন তিনি। নতুন করে আবারও একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিনেতা।
সিনেমার পরিচালক সৈয়দ শাকিল, যিনি এর আগে ‘ছায়াবাজি’ ও ‘ইউএনও স্যার’ নামের দুটি বহুল আলোচিত ওয়েব ফিল্ম নির্মাণ করেছেন। এবারই প্রথম তিনি একটি পূর্ণদৈর্ঘ্য বড় পর্দার সিনেমা পরিচালনা করতে যাচ্ছেন। তবে ছবির নাম এখনই প্রকাশ করেননি নির্মাতা।
নির্মাতা সৈয়দ শাকিল জানান, পারিবারিক ও সামাজিক ইমোশনাল গল্পের ওপর ভিত্তি করে ছবিটি নির্মিত হবে, যা সব বয়সের দর্শক প্রেক্ষাগৃহে বসে উপভোগ করতে পারবেন। আগামী সপ্তাহে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে ছবির নাম ও অন্যান্য অভিনয়শিল্পীদের পরিচয় প্রকাশ করা হবে।
রিভেঞ্জ ফিল্মস লিমিটেডের ব্যানারে নির্মিত হতে যাওয়া এই সিনেমার শুটিং চলতি বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জানুয়ারিতে শুরু হওয়ার কথা রয়েছে। সিনেমাটি আসন্ন কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।
উল্লেখ্য, আগামী কোরবানির ঈদে শরিফুল রাজের ‘কালাভুনা প্যারাডক্স’ নামে আরও একটি সিনেমা মুক্তির মিছিলে রয়েছে। মোহাইমিনুল ইসলামের উপন্যাস অবলম্বনে নির্মিত সেই সিনেমায় রাজের বিপরীতে অভিনয় করছেন সাবিলা নূর।
























