লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ট্রাক ও যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে হাবিবুর রহমান (১১) নামের এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। শনিবার সকালে উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নের খাতাপাড়া মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাবিবুর রহমান আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়নের দক্ষিণ বত্রিশ হাজারী এলাকার জাহিদুল ইসলামের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বুড়িমারীগামী একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা শিশু হাবিবুর ছিটকে পড়ে গুরুতর আহত হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে পুলিশে খবর দেন।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজীব জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক ট্রাকটিকে জব্দ করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

























