দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং ইসলামী মূল্যবোধ হেফাজতের সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে আত্মপ্রকাশ করেছে নতুন জাতীয় সংগঠন ‘ইসলামী আইন সংরক্ষণ পরিষদ’। রাজধানীর গুলিস্তানের ফুলবাড়িয়া রেলওয়ে জামে মসজিদে এক বিশেষ সভার মাধ্যমে সর্বসম্মতিক্রমে এই সংগঠনটি গঠিত হয়।
নবগঠিত সংগঠনের সভাপতি মুফতি বশিরুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দেশের স্বাধীনতা রক্ষা ও ইসলামী মূল্যবোধ প্রচারে উলামায়ে কেরাম ও তাওহীদি জনতার ঐক্যবদ্ধ ভূমিকার ওপর জোর দেওয়া হয়। সভায় মুফতি বশিরুল্লাহকে সভাপতি এবং মাওলানা আব্দুল কাইয়ুম কাসেমীকে মহাসচিব করে নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আগামী ১৫ অক্টোবর রাজধানী ঢাকায় একটি সেমিনারের মাধ্যমে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। উক্ত সেমিনারে ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলেও জানানো হয়েছে।


























