এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) বিল পরিশোধের পর বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ১০ বিলিয়ন ডলারে। গত জানুয়ারি-ফেব্রুয়ারি সময়ের ১৩৭ কোটি ডলারের আমদানি বিল পরিশোধ করার পর এই অবনমন ঘটে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত ৫ মার্চ পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৫ দশমিক ৪৯ বিলিয়ন ডলার। তবে, বিপিএম৬ (Balance of Payments Manual 6th Edition) অনুযায়ী রিজার্ভের পরিমাণ ছিল ৩০ দশমিক ৭৬ বিলিয়ন ডলার। আকু বিল পরিশোধের পর এই পরিমাণ কমে ২৯ দশমিক ৩৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। সাধারণত আকু বিল পরিশোধের পর রিজার্ভের পরিমাণ হ্রাস পায়, কারণ এই দায় রিজার্ভ থেকেই মেটানো হয়। পূর্ববর্তী সময়ে, নভেম্বর-ডিসেম্বর মেয়াদে ১৫৩ কোটি ডলার এবং সেপ্টেম্বর-অক্টোবর মেয়াদে ১৬১ কোটি ডলার আকু বিল হিসেবে পরিশোধ করা হয়েছিল।
আকু হলো এশিয়ার কয়েকটি কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে একটি আন্তঃআঞ্চলিক লেনদেন নিষ্পত্তিব্যবস্থা। এর মাধ্যমে এশিয়ার নয়টি দেশের মধ্যে আমদানি-রপ্তানি সংক্রান্ত লেনদেনের মূল্য প্রতি দুই মাস অন্তর নিষ্পত্তি করা হয়। এই পদ্ধতির ফলে সদস্য দেশগুলোর মধ্যেকার বাণিজ্য সহজ হয়। আকুর সদস্য দেশগুলো হলো বাংলাদেশ, ভারত, ইরান, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, মিয়ানমার, ভুটান ও মালদ্বীপ।
রিপোর্টারের নাম 

























