দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং সরবরাহ স্বাভাবিক আছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেছেন, অস্থির হওয়ার কোনও কারণ নেই এবং সরকার পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখছে।
শুক্রবার (৬ মার্চ) বিকালে রাজধানীর আসাদগেট এলাকার একটি পেট্রোল পাম্প পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। পরে মন্ত্রীর পিএ আব্দুল্লাহ আল কায়েস এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন।
ভিডিওতে মন্ত্রী সাধারণ মানুষকে গুজবে কান না দেওয়ার এবং প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি তেল মজুত না করার পরামর্শ দেন।
পেট্রোল পাম্পের মালিকদের উদ্দেশে তিনি বলেন, “কাউকে অতিরিক্ত জ্বালানি তেল সরবরাহ করবেন না। স্বাভাবিক চাহিদার বাইরে কাউকে বেশি পরিমাণ তেল দেওয়া যাবে না।”
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিকে ঘিরে দেশে জ্বালানি তেলের সংকট বা দাম বাড়তে পারে— এমন আশঙ্কায় বৃহস্পতিবার থেকেই রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে তেল নিতে দীর্ঘ লাইন দেখা যায়। শুক্রবারও অনেক পাম্পে একই চিত্র দেখা যাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণ করতে বিকালে পাম্প পরিদর্শনে যান মন্ত্রী।
রিপোর্টারের নাম 

























