রাজধানীর কাঁচাবাজারে এক সপ্তাহের ব্যবধানে চাল ও ডালের দাম বেড়ে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। বিশেষ করে দেশি ছোট দানার মসুর ডালের দাম কেজিতে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে, নতুন চাল পুরোপুরি বাজারে আসার আগেই পুরোনো চালের দাম কেজিতে ৩ থেকে ৫ টাকা বেড়ে যাওয়ায় নিম্ন ও মধ্যবিত্ত ভোক্তারা চরম অস্বস্তিতে পড়েছেন।
শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, মিনিকেট ও নাজিরশাইল চালের দাম কেজিতে সর্বোচ্চ ৫ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। বর্তমানে প্রতি কেজি মঞ্জুর ও সাগর ব্র্যান্ডের মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৮৩ থেকে ৮৪ টাকায়। এছাড়া রশিদ মিনিকেট ৭২ থেকে ৭৫ টাকা, নন-ব্র্যান্ডের মিনিকেট ৬৫ থেকে ৭০ টাকা এবং প্রিমিয়াম মানের মোজাম্মেল মিনিকেট কেজিতে ৮৫ থেকে ৮৬ টাকায় কেনাবেচা হচ্ছে।
চালের বাজারে এই ঊর্ধ্বগতি থেকে বাদ যায়নি নাজিরশাইলও। দেশি নাজিরশাইল চাল এখন ৭২ থেকে ৮৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যা মাত্র এক সপ্তাহ আগেও ৩ থেকে ৪ টাকা কম ছিল। পাশাপাশি আমদানিকৃত নাজিরশাইলের দাম কেজিতে বেড়ে দাঁড়িয়েছে ৭৫ থেকে ৭৮ টাকায়।
খুচরা ব্যবসায়ীরা জানান, বছরের এই সময়ে সাধারণত আউশ, আমন ও নাজিরশাইল চাল বাজারে আসতে শুরু করে। নিয়ম অনুযায়ী নতুন চাল বাজারে এলে পুরোনো চালের দাম সামান্য বাড়লেও এবার পরিস্থিতি ভিন্ন। নতুন চাল আসার আগেই পুরোনো চালের দাম এক লাফে ৩ থেকে ৪ টাকা বেড়ে গেছে। আগামী কয়েকদিনের মধ্যে নতুন চাল বাজারে পুরোদমে বিক্রি শুরু হলে দাম আরও বাড়ার আশঙ্কা করছেন বিক্রেতারা। এর ফলে সাধারণ মানুষের নিত্যদিনের খাদ্য তালিকায় বড় ধরনের প্রভাব পড়ছে।
রিপোর্টারের নাম 
























