সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) দেশের সব পোশাক কারখানা এক দিনের জন্য বন্ধ রাখার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিজিএমইএ সদস্যভুক্ত পোশাক কারখানার মালিকদের কাছে পাঠানো এক চিঠিতে এই অনুরোধ জানানো হয়। চিঠিতে বলা হয়, দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক এবং এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে। সরকারের এ সিদ্ধান্তের প্রতি একাত্মতা প্রকাশ করে বিজিএমইএ সদস্যভুক্ত সব পোশাক কারখানায় আগামী ৩১ ডিসেম্বর এক দিনের সাধারণ ছুটি ঘোষণার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
এদিকে, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিজিএমইএ। সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান এক শোকবার্তায় বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা সমগ্র পোশাক শিল্প পরিবার গভীরভাবে শোকাহত ও মর্মাহত। দেশ একজন অভিভাবক ও কালজয়ী দেশপ্রেমিক নেতাকে হারালো। জাতীয় জীবনে এই অপূরণীয় শূন্যতা পূরণ হওয়ার নয়।
তিনি বলেন, বিশেষ করে তৈরি পোশাক শিল্পের বিশ্বব্যাপী প্রসারে বেগম খালেদা জিয়ার আন্তরিকতা এবং সময়োপযোগী ও সাহসী সিদ্ধান্তগুলো এ শিল্পের অগ্রযাত্রায় চিরকাল মাইলফলক হয়ে থাকবে। দেশের শিল্প ও বাণিজ্যের ইতিহাসে তার অর্থনৈতিক দর্শন ও কর্মময় জীবন অম্লান হয়ে থাকবে।
শোকবার্তায় আরও বলা হয়, বাংলাদেশের অর্থনীতিকে একটি শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করাতে এবং আধুনিক শিল্পায়নের পথ সুগম করতে বেগম খালেদা জিয়া অগ্রণী ভূমিকা পালন করেছেন। নব্বইয়ের দশকের শুরুতে তার সরকারের বলিষ্ঠ নেতৃত্বেই বাংলাদেশে মুক্তবাজার অর্থনীতির পূর্ণাঙ্গ যাত্রা শুরু হয়, যা বেসরকারি খাতের বিকাশে নতুন দিগন্ত উন্মোচন করে।
রিপোর্টারের নাম 

























