দেশের বাজারে স্বর্ণের দাম আবারও নতুন রেকর্ড গড়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সোনার দাম বাড়ানোর ঘোষণা দেওয়ার পর ভালো মানের স্বর্ণের (২২ ক্যারেট) দাম প্রতি ভরিতে বেড়ে দুই লাখ ২৭ হাজার টাকা ছাড়িয়েছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
শনিবার (২৭ ডিসেম্বর) বাজুস এক বিজ্ঞপ্তিতে জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি এবং বৈশ্বিক বাজারের সঙ্গে সমন্বয়ের অংশ হিসেবে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। নতুন এই দাম আগামীকাল রবিবার (২৮ ডিসেম্বর) থেকে কার্যকর হবে।
বাজুসের তথ্য অনুযায়ী, সর্বোচ্চ প্রতি ভরিতে এক হাজার ৫৭৫ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে। নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৭ হাজার ৫৩৪ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণের দাম ১ লাখ ৮৬ হাজার ৪৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৫ হাজার ৪২৩ টাকা।
বাজুস জানিয়েছে, বৈশ্বিক বাজারে স্বর্ণের দামের ঊর্ধ্বগতি দেশীয় বাজারে সরাসরি প্রভাব ফেলেছে। আন্তর্জাতিক বাজারে বর্তমানে প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ৫০০ ডলার ছাড়িয়েছে, যা ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি।
স্বর্ণের পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৬৫ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হবে ৫ হাজার ৭৭৪ টাকায়, ১৮ ক্যারেটের রুপার দাম ৪ হাজার ৯৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৭৩২ টাকা।
দাম বৃদ্ধির ফলে স্বর্ণালংকারের বাজারে ক্রেতাদের ওপর বাড়তি চাপ তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে ব্যবসায়ীরা বলছেন, বৈশ্বিক বাজারের সঙ্গে সমন্বয় রেখে দাম সমন্বয় করা ছাড়া তাদের বিকল্প নেই।
রিপোর্টারের নাম 

























