গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির নাম ব্যবহার করে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছে কমিশন। গত রোববার (২১ ডিসেম্বর) কমিশনের সচিব কুদরত-এ-ইলাহীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিশনের প্রতিবেদন দাখিলের পূর্বনির্ধারিত সময়সীমাকে সামনে রেখে একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে মনগড়া তথ্য প্রচার করছে। কমিশনের মতে, এসব অপতৎপরতার মূল উদ্দেশ্য হলো কমিশনের স্বাভাবিক কার্যক্রমে বাধা সৃষ্টি করা এবং জনমনে বিভ্রান্তি ছড়িয়ে এর নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করা।
বিজ্ঞপ্তিতে কমিশন স্পষ্টভাবে জানিয়েছে যে, বিভিন্ন জিজ্ঞাসাবাদ কার্যক্রমে খন্দকার রাকিব নামে এক ব্যক্তির উপস্থিতির যে দাবি প্রচার করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। ওই ব্যক্তি কখনোই গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারিতে কোনো পদে কর্মরত ছিলেন না এবং কমিশনের কোনো দাপ্তরিক বা জিজ্ঞাসাবাদ কার্যক্রমেও তার কোনো সম্পৃক্ততা ছিল না। এ ধরনের অসত্য বক্তব্যের মাধ্যমে কমিশনের বিশ্বাসযোগ্যতা নষ্ট করার অপচেষ্টা চালানো হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। কমিশন মনে করে, গুম হওয়া ব্যক্তিদের পরিবারগুলোর দীর্ঘদিনের প্রতীক্ষা ও ন্যায়বিচারের আকাঙ্ক্ষাকে বাধাগ্রস্ত করতেই এই হীন চেষ্টা চালানো হচ্ছে।
কমিশন আরও জানিয়েছে যে, তারা অর্পিত দায়িত্ব সম্পূর্ণ নিরপেক্ষতা ও নিষ্ঠার সঙ্গে পালন করে যাচ্ছে এবং দেশপ্রেমিক নাগরিকদের সহযোগিতা তাদের একান্ত কাম্য। গুম হওয়া ব্যক্তিদের বিচার নিশ্চিত করতে কমিশন বদ্ধপরিকর। তাই দেশবাসীকে এ ধরনের উদ্দেশ্যপ্রণোদিত, বিভ্রান্তিকর ও উসকানিমূলক তথ্যে কান না দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। কমিশন আশ্বস্ত করেছে যে, কোনো ধরনের অপপ্রচার তাদের স্বচ্ছ তদন্ত প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারবে না।
রিপোর্টারের নাম 























