বাংলাদেশ সুপ্রিম কোর্টের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রবেশ ও বহির্গমন গেট নিয়ন্ত্রণ, পরিচয়পত্র যাচাই এবং নিরাপত্তা তল্লাশি কার্যক্রম জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। ১৯ নভেম্বর হাইকোর্ট বিভাগের প্রশাসন শাখা থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। প্রধান বিচারপতির আদেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোঃ হেমায়েত উদ্দিন এতে স্বাক্ষর করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিচারপতি, আইনজীবী, কর্মকর্তা-কর্মচারী ও বিচারপ্রার্থী জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রবেশের জন্য মাজার গেট এবং বার কাউন্সিল ভবনসংলগ্ন আউটার গেট ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। ন্যায় সরণি গেট দিয়ে কেবল বের হওয়া যাবে, তবে প্রবেশ করা যাবে না। এছাড়া প্রশাসনিক জামে মসজিদসংলগ্ন গেটটি বন্ধ থাকবে।
নির্দেশনায় আরও জানানো হয়েছে, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রবেশের সময় সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ পরিচয়পত্র বা জাতীয় পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তল্লাশি চালাতে পারবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।


























