জলবায়ু পরিবর্তনের প্রভাবে অনিয়মিত বৃষ্টিপাত ও দীর্ঘস্থায়ী তাপপ্রবাহ বাংলাদেশের চা শিল্পের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও চট্টগ্রামের চা-বাগানগুলোতে উৎপাদন ব্যাহত হচ্ছে। এই সংকট মোকাবিলায় খরাসহিষ্ণু চায়ের জিনোটাইপ শনাক্ত করে নতুন সম্ভাবনার দুয়ার খুলেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ও বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের (বিটিআরআই) গবেষকেরা।
গবেষণায় নেতৃত্ব দিয়েছেন বাকৃবির ফসল উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফুজ্জামান ও বিটিআরআইয়ের পরিচালক ড. ইসমাইল হোসেন। গবেষণায় পাঁচটি চায়ের জিনোটাইপ ও একটি প্রচলিত জাতের তুলনামূলক মূল্যায়নের মাধ্যমে ‘বি/৮/৯৩’ নামের জিনোটাইপটিকে সবচেয়ে বেশি খরাসহিষ্ণু হিসেবে শনাক্ত করা হয়েছে। এছাড়া ‘এমজেড/৩৯’ জিনোটাইপটি মাঠপর্যায়ে ভালো অভিযোজনক্ষমতা দেখিয়েছে।
গবেষণাপত্রটি সম্প্রতি আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা আটলান্টিস প্রেসের ‘প্রসিডিংস অফ দ্য ইন্টারন্যাশনাল টি সিম্পোজিয়াম’ গ্রন্থে প্রকাশিত হয়েছে। চা বোর্ডের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশে প্রায় ৯৪ দশমিক ৯১ মিলিয়ন কেজি চা উৎপাদিত হয়েছে। আবহাওয়ার অনিশ্চয়তা ও সেচসংকট মোকাবিলায় এই গবেষণা চা শিল্পের দীর্ঘমেয়াদি স্থায়িত্ব বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

























