সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় দিনাজপুরের ৫০০ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করেছে এনসিসি ব্যাংক পিএলসি। শুক্রবার দিনাজপুর একাডেমি স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে এসব উপকরণ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। তিনি বলেন, এনসিসি ব্যাংকের এই উদ্যোগ কৃষিখাতের উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে। তিনি আরও জানান, বর্তমান সরকার উত্তরবঙ্গের কৃষিখাতের উন্নয়নে ৩ হাজার কোটি টাকার তহবিল বরাদ্দ রেখেছে।
এনসিসি ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. জাকির আনাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। তিনি বলেন, এলাকার মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখার অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলালসহ স্থানীয় কৃষি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

























