মেহনতি মানুষের ন্যায্য মজুরি থেকে বঞ্চিত করে সরকারের দুর্নীতি ও অব্যবস্থাপনার দায় শ্রমিকদের ওপর চাপিয়ে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য।
তিনি বলেন, সরকারের দুর্নীতির কারণে উদ্যোক্তাদের যে সমস্যা তৈরি হয়, তার দায় শ্রমিকেরা কম মজুরি নিয়ে কেন বহন করবেন? শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা নৈতিক ও অর্থনৈতিক দুই দিক থেকেই জরুরি।
তিনি আরও বলেন, সরকার আমার ওপর দুর্নীতি করে, সে জন্য আমি শ্রমিককে ন্যায্য মজুরি দেব না—এটা কোনো যুক্তি হতে পারে না। সরকারের দুর্নীতি দূর করার দায়িত্ব শ্রমিকের নয়। মেহনতি মানুষের কষ্টের অর্থে আমরা আমাদের দুর্নীতির ভর্তুকি দেব, এটা এই সমাজে চলতে পারে না।
বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর ধানমন্ডিতে সিপিডির কার্যালয়ে আয়োজিত ‘পোশাক খাতে ন্যায্য মজুরি ২০২৬ : বিবেচ্য বিষয়সমূহ’ শীর্ষক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দেবপ্রিয় ভট্টাচার্য এসব কথা বলেন।
দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বাংলাদেশের শিল্প ও রপ্তানি খাতকে দীর্ঘমেয়াদে একটি শিল্পের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা থেকে বেরিয়ে আসতে হবে। তৈরি পোশাকশিল্পের ওপর অতিরিক্ত নির্ভরতা দেশের অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ। রপ্তানি বহুমুখীকরণ এবং নতুন শিল্পের বিকাশের মাধ্যমে এ পরিস্থিতির পরিবর্তন করতে হবে।
তিনি বলেন, বাংলাদেশের স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের প্রস্তুতির ক্ষেত্রেও রপ্তানি বহুমুখীকরণ একটি গুরুত্বপূর্ণ বিষয়। এ জন্য শুধু পোশাকশিল্প নয়, চামড়া, ওষুধসহ অন্যান্য রপ্তানিমুখী শিল্পকে সমান সুযোগ-সুবিধা দিতে হবে।
দেবপ্রিয় বলেন, বর্তমান সরকার বাজেটে পোশাকশিল্পের পাশাপাশি অন্যান্য রপ্তানিমুখী শিল্পকেও একই ধরনের সুবিধা দেওয়ার উদ্যোগ নিয়েছে। বন্ড সুবিধা ও ব্যাক-টু-ব্যাক ঋণপত্রের মতো সুবিধা অন্যান্য খাতেও সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এসব সিদ্ধান্ত বাস্তবে কতটা কার্যকর হচ্ছে, তা মূল্যায়ন করা প্রয়োজন।
তিনি বলেন, রপ্তানি বহুমুখীকরণের জন্য শুধু নীতিগত ঘোষণা যথেষ্ট নয়; বাস্তবে সব শিল্পের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। কোনো একটি শিল্পের ওপর নির্ভরশীলতা থেকে বেরিয়ে আসতে হলে অন্যান্য শিল্পের সক্ষমতা ও প্রতিযোগিতার পরিবেশ তৈরি করতে হবে।
শ্রমিকদের মজুরি নির্ধারণের আলোচনায় সুশাসনের অভাব, দুর্নীতি ও উদ্যোক্তাদের সমস্যার প্রসঙ্গ তুলে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, অর্থনীতিতে বর্তমানে এক ধরনের নিম্নচাপ চলছে। উদ্যোক্তারা নানা সমস্যার মধ্যে রয়েছেন, এটিও বাস্তবতা। কিন্তু সরকারের দুর্নীতি, অব্যবস্থাপনা কিংবা সুশাসনের ঘাটতির দায় শ্রমিকদের ওপর চাপিয়ে দেওয়া যায় না।
তিনি বলেন, ছোট, মাঝারি ও বড় কারখানার সক্ষমতা নিয়ে আলোচনা হতে পারে। কোনো কোনো কারখানার পক্ষে বেশি মজুরি দেওয়া কঠিন হতে পারে। কিন্তু সেই সমস্যার সমাধান শ্রমিকের ন্যায্য মজুরি আটকে রাখা নয়। সরকারের দুর্নীতি ও দুর্বল ব্যবস্থাপনার দায় শ্রমিক কেন বহন করবেন?


























