গ্রামীণ অবকাঠামো উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বর্তমান সরকার বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি। বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের প্রকল্পই বেশি রয়েছে বলে তিনি জানান।
বুধবার (১৮ নভেম্বর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে একনেক বৈঠক শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী আরও বলেন, আঞ্চলিক বৈষম্য কমিয়ে সুষম ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করাই বিএনপির নেতৃত্বাধীন নির্বাচিত সরকারের মূল লক্ষ্য। সময়ের সঙ্গে উন্নয়ন প্রকল্পের অগ্রাধিকার পরিবর্তিত হয় উল্লেখ করে তিনি জানান, কখনো সড়ক যোগাযোগ, কখনো মেট্রো রেল, কখনো পানি ব্যবস্থাপনা আবার কখনো গ্রামীণ অবকাঠামো গুরুত্ব লাভ করে।
তিনি জানান, এবারের একনেক বৈঠকে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের প্রকল্পগুলো বিশেষভাবে এসেছে। সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) আগামী এক মাসে এ ধরনের আরও প্রকল্প যুক্ত হতে পারে।


























