রাজধানীতে যানবাহনে অনুমোদনহীন হাইড্রোলিক হর্ন, হুটার ও বিকন লাইট ব্যবহারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এসব অবৈধ সরঞ্জাম আগামী ১ ডিসেম্বরের মধ্যে অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর কিছু যানবাহনে অনুমোদন ছাড়াই এসব সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে, যার ফলে অনিয়ন্ত্রিত শব্দদূষণ বাড়ছে এবং নগরবাসীর দুর্ভোগ সৃষ্টির পাশাপাশি স্বাভাবিক ট্রাফিক ব্যবস্থাপনাও ব্যাহত হচ্ছে।
ডিএমপি জানায়, বিকট শব্দ শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর মারাত্মক বিরূপ প্রভাব ফেলছে। তাই নির্ধারিত সময়ের মধ্যে এসব সরঞ্জাম অপসারণ করতে যানবাহনের মালিক ও চালকদের নির্দেশ দেওয়া হয়েছে। ১ ডিসেম্বরের পর কোনো যানবাহনে এসব সরঞ্জাম পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।






















