গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে আগুন দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৮টার দিকে টুঙ্গিপাড়ার পাটগাতি এলাকায় এই নাশকতার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র হাতে নেতাকর্মীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় এবং বিভিন্ন সড়কে তাদের অস্ত্র হাতে মহড়া দিতে দেখা গেছে।
এর আগে সন্ধ্যায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে টুঙ্গিপাড়া থানা ঘেরাও করেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এক পর্যায়ে তারা থানায় অগ্নিসংযোগ করেন। পুলিশের বাধা উপেক্ষা করে তারা থানার ভেতরে ঢুকে ভাঙচুর চালান এবং গ্রেফতারকৃত ব্যক্তিদের ছিনিয়ে নিয়ে যান।
সংসদ সদস্য এস এম জিলানীর বাড়ি ও থানায় আগুন দেওয়ার খবর পেয়ে জেলা শহর থেকে বিপুলসংখ্যক পুলিশ ও বিজিবি সদস্য টুঙ্গিপাড়ার দিকে রওনা হন। পথে সদর উপজেলার খালেকবাজার এলাকায় গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কে তাদের গতিরোধ করেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। এ সময় পুলিশের অন্তত পাঁচটি গাড়িতে আগুন দেওয়া হয়। এসব ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো কর্মকর্তার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
























