রাজধানীর মিরপুর শিয়ালবাড়ি রূপনগর আবাসিক এলাকায় একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য বর্তমানে ফায়ার সার্ভিসের মোট ৮টি ইউনিট কাজ করছে।
জানা গেছে, মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে রূপনগরের ‘সরদার গার্মেন্টস’ এবং ‘কসমিক ফার্মা’ নামে দুটি প্রতিষ্ঠানে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নেভানোর কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেশি থাকায় পরবর্তীতে আরও ৬টি ইউনিটকে ডাকা হয়।
ফায়ার সার্ভিস সদরদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা খানম এই তথ্য নিশ্চিত করে বলেন, ‘১১টা ৩৫ মিনিটে আগুনের খবর পেয়ে প্রথম দুটি ইউনিট রওনা হয়। পরে পরিস্থিতি অনুযায়ী আরও ৬টি ইউনিট বাড়ানো হয়েছে।’
তিনি আরও জানান, আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি এবং নেভানোর কাজ চলছে। প্রাথমিকভাবে এই অগ্নিকাণ্ডের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে আছেন এবং আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
রিপোর্টারের নাম 
























