তরুণ প্রজন্মের গণমাধ্যম ও সাংবাদিকতা শিক্ষার্থীদের বাস্তবমুখী জ্ঞান, পেশাগত দক্ষতা এবং কর্মক্ষেত্রের অভিজ্ঞতা অর্জনের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বিশেষ জ্ঞান বিনিময় ও দক্ষতা উন্নয়ন সেমিনারের আয়োজন করেছে ‘আমরা নারী’। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের সহযোগিতায় সোমবার (১৬ নভেম্বর) ঢাকায় অধিদপ্তরটির কার্যালয়ে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
‘এডুকেশনাল ভিজিট, এক্সক্লুসিভ নলেজ-শেয়ারিং সেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট এক্সপেরিয়েনশিয়াল লার্নিং ইনিশিয়েটিভ’ শীর্ষক এ আয়োজনে অংশ নেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানের সঙ্গে বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতার সংযোগ স্থাপন এবং গণযোগাযোগ ও সরকারি প্রচার কার্যক্রম সম্পর্কে প্রত্যক্ষ ধারণা দেওয়াই ছিল আয়োজনের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক এসএম আবদুর রহমান। সমাপনী পর্বে তিনি শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ করেন। এ সময় তিনি বলেন, শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকনির্ভর শিক্ষার পাশাপাশি বাস্তব কর্মক্ষেত্রের সঙ্গে পরিচিত করা এবং অভিজ্ঞ পেশাজীবীদের কাছ থেকে হাতে-কলমে শেখার সুযোগ তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রচার ও সমন্বয়) মীর মোহাম্মদ আসলাম উদ্দিন। জ্ঞান বিনিময় পর্বে বিশেষ বক্তব্য দেন পরিচালক (কারিগরি ও প্রশিক্ষণ) সৈয়দ এ মোমেন। তাঁরা অধিদপ্তরের কার্যক্রম, সরকারি প্রচার ও প্রশিক্ষণ কার্যক্রম সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেন।
আয়োজক প্রতিষ্ঠান ‘আমরা নারী’র প্রতিষ্ঠাতা এম এম জাহিদুর রহমান (বিপ্লব) বলেন, ‘আমরা নারী বিশ্বাস করে, আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ। তরুণদের দক্ষতা, নেতৃত্ব ও সৃজনশীলতার বিকাশের মাধ্যমে দায়িত্বশীল নাগরিক তৈরি করা সম্ভব।’


























