পেছনের দরজা দিয়ে ফ্যাসিস্ট শক্তি দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেন, বিদেশি মদদে নানা ধরনের অস্থিতিশীলতা তৈরি করে এই শক্তি আবার ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে।
সোমবার (১৬ নভেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নতুন কমিটির নেতাদের সঙ্গে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ফ্যাসিস্টদের এই অপচেষ্টা দেশের জনগণ সফল হতে দেবে না উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, অতীতে তারা ক্ষমতায় এসে দেশের ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। তাদের মন্ত্রী-এমপিরা বিদেশে বিলাসবহুল জীবনযাপন করেছেন। জনগণের সচেতনতার কারণে সেই সুযোগ তারা আর কখনো পাবে না এবং পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে দেশের মানুষ এখন পুরোপুরি ঐক্যবদ্ধ।
নতুন কমিটি প্রসঙ্গে তিনি আশা প্রকাশ করেন যে, এই কমিটির মাধ্যমে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আরও শক্তিশালী হবে। দলের জন্য যারা জীবন বাজি রেখে লড়াই করেছেন, তাদের ওপর দায়িত্ব অর্পিত হওয়ায় সংগঠন আরও গতিশীল হবে বলে তিনি জানান।
এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেন, আগামী দিনে সব ধরনের ষড়যন্ত্র প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে এবং জনগণকে সঙ্গে নিয়ে যেকোনো চক্রান্ত প্রতিহত করা হবে।























