স্মার্টফোন পুরনো হলেই যে সেটি বদলে ফেলতে হবে, এমন নয়। নিয়মিত সঠিক যত্ন নিলে প্রিয় ফোনটি দীর্ঘদিন নতুনের মতো সচল রাখা সম্ভব। সময়ের সঙ্গে ব্যাটারির কার্যক্ষমতা হ্রাস, স্টোরেজ পূর্ণ হওয়া বা ফোনের গতি কমে যাওয়ার মতো সমস্যাগুলো সাধারণ। তবে কিছু সহজ অভ্যাসের মাধ্যমে এসব সমস্যা এড়িয়ে চলা যায়।
ফোনের ব্যাটারি ভালো রাখতে চার্জ ২০ থেকে ৮০ শতাংশের মধ্যে রাখার চেষ্টা করুন। বারবার চার্জ পুরোপুরি শেষ করা থেকে বিরত থাকুন। এছাড়া অতিরিক্ত গরম পরিবেশে ফোন চার্জ দেওয়া এড়িয়ে চলুন। ফোনের মেমোরি খালি রাখতে অপ্রয়োজনীয় ছবি, ভিডিও ও ডাউনলোড করা ফাইল নিয়মিত মুছে ফেলুন। অ্যাপের ক্যাশে ফাইল পরিষ্কার করলেও ফোনের গতি কিছুটা বৃদ্ধি পায়।
ফোনে অব্যবহৃত অ্যাপ জমে থাকলে তা ব্যাটারি ও ইন্টারনেট খরচ করে। তাই নিয়মিত অপ্রয়োজনীয় অ্যাপ আন-ইনস্টল করুন। ফোনের পর্দা, ক্যামেরা লেন্স ও চার্জিং পোর্ট নরম মাইক্রোফাইবার কাপড় দিয়ে পরিষ্কার রাখুন। সফটওয়্যার ও নিরাপত্তা আপডেট নিয়মিত চেক করুন। গেম খেলা বা ভারী অ্যাপ ব্যবহারের সময় ফোন অস্বাভাবিক গরম হলে কিছুক্ষণ বিরতি নিন। এছাড়া ফোনের বাহ্যিক সুরক্ষায় ভালো মানের কভার ও স্ক্রিন প্রটেক্টর ব্যবহার করুন এবং নিয়মিত ফোন রিস্টার্ট ও গুরুত্বপূর্ণ তথ্যের ব্যাকআপ রাখুন।


























