৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ফোর্স (বিএনসিএফ)-এর উদ্যোগে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ শীর্ষক আলোচনা ও সাইবার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়ে গেল ১৩ নভেম্বর।
শুক্রবার সকাল ১০টায় রাজধানীর গুলশান-১-এর পিজ্জা ইন-এ অনুষ্ঠিত এই আয়োজনে ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য, বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনৈতিক দর্শন, ডিজিটাল যুগে দায়িত্বশীল রাজনৈতিক যোগাযোগ, অনলাইন গুজব ও অপতথ্য শনাক্তকরণ, তথ্য যাচাই, সাইবার নিরাপত্তা এবং সংগঠিত ডিজিটাল কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা ও জাতীয় সংগীতের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এরপর ‘জিয়া পরিবার ও বাংলাদেশ’ এবং ‘৭ই নভেম্বর: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ বিষয়ক সংক্ষিপ্ত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। ৭ নভেম্বর উপলক্ষে আলোচনা পর্বে বিএনসিএফের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা বক্তব্য রাখেন।
বিএনসিএফ জানিয়েছে, অনলাইন যোগাযোগের দ্রুত বিস্তراتর বর্তমান সময়ে রাজনৈতিক কর্মীদের দায়িত্বশীল ডিজিটাল আচরণ, যাচাইকৃত তথ্য প্রচার, গুজব প্রতিরোধ, সামাজিক যোগাযোগমাধ্যমের নিরাপদ ব্যবহার এবং মাঠ ও অনলাইনের মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তোলাই কর্মশালার অন্যতম উদ্দেশ্য।
দুপুরের বিরতির পর নির্মাতা গোলাম রাব্বানী পরিচালিত ‘ছুরত’, ‘সাঁতার’ এবং ‘আনটাং’ এই তিনটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনী ছিল। এতে নির্মাতাসহ পুরো টিম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন রাশেদ সাগর।
সমাপনী পর্বে বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ফোর্সের চেয়ারম্যান মোঃ মামুন রানা বক্তব্য দেন এবং অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।























