যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর হিসেবে নির্বাচিত আবদুর রহমান আবদুল আল-সাইদ পবিত্র কোরআন হাতে শপথ নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন। আগামী জানুয়ারিতে সিনেটের সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণের সময় তিনি পবিত্র কোরআনের একটি কপি সামনে রেখে শপথ নিতে পারেন। তবে শপথের সময় কোন কোরআন মাজিদের কোন কপিটি ব্যবহার করবেন, সে সিদ্ধান্ত এখনো নেননি তিনি।
মিশিগান থেকে নির্বাচিত ডেমোক্র্যাট সিনেটর আবদুল আল-সাইদ সম্প্রতি ন্যাশনাল পাবলিক রেডিওকে (এনপিআর) দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান। নিয়ম অনুযায়ী তাকে শপথ পড়াবেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
আবদুল আল-সাইদ বলেন, ‘আমি সম্ভবত পবিত্র কোরআন হাতে শপথ নেবো।’ তবে কোরআনে কারিমের কোন কপিটি তিনি বেছে নেবেন, তা এখনো নিশ্চিত নয়। এ ক্ষেত্রে তার বিবেচনায় রয়েছে দু’টি ঐতিহাসিক কোরআন—যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট থমাস জেফারসনের ব্যক্তিগত সংগ্রহে থাকা একটি কপি এবং মিশিগান বিশ্ববিদ্যালয়ের সংগ্রহে থাকা একটি প্রাচীন কোরআন।
যুক্তরাষ্ট্রের তৃতীয় প্রেসিডেন্ট থমাস জেফারসনের ব্যক্তিগত সংগ্রহে কোরআনে কারিমের একটি ইংরেজি অনুবাদের কপি রয়েছে। ১৭৬৪ সালে প্রকাশিত দুই খণ্ডের এই অনুবাদটি জর্জ সেলের করা। জেফারসন ১৮১৫ সালে তার গ্রন্থসংগ্রহ কংগ্রেসের কাছে বিক্রি করেন। বর্তমানে কপিটি যুক্তরাষ্ট্রের লাইব্রেরি অব কংগ্রেসে সংরক্ষিত।
২০০৭ সালে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের প্রথম মুসলিম সদস্য কিথ এলিসন প্রতিনিধি পরিষদের আনুষ্ঠানিক শপথ অনুষ্ঠানে জেফারসনের এই কোরআন ব্যবহার করেছিলেন। সে সময় তার শপথ গ্রহণের ঘটনা দেশটির রাজনৈতিক ইতিহাসে বিশেষ গুরুত্ব পায়।
অন্যদিকে, মিশিগান বিশ্ববিদ্যালয়ের সংগ্রহে থাকা একটি প্রাচীন কোরআনে কারিমের কপির কথাও বিবেচনায় রেখেছেন আবদুল আল-সাইদ। তার ভাষ্য, এটি মিশিগান অঙ্গরাজ্যের প্রাচীনতম কোরআন হিসেবে পরিচিত। তবে শেষ পর্যন্ত কোনটি ব্যবহার করবেন, তা এখনো চূড়ান্ত করেননি তিনি।
মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে পরাজিত করে মিশিগান থেকে সিনেটর নির্বাচিত হন ৪২ বছর বয়সী আবদুল আল সাইদ। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম হিসেবে সিনেটে নির্বাচিত হওয়ার নজির গড়েন তিনি।
তার কোরআন মাজিদ হাতে শপথ নেওয়ার পরিকল্পনা বাস্তবায়িত হলে যুক্তরাষ্ট্রের সিনেটে প্রথমবারের মতো কোনো সদস্য ইসলাম ধর্মের পবিত্র গ্রন্থ হাতে আনুষ্ঠানিক শপথ গ্রহণ করবেন।
যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী, সিনেটর বা অন্যকোনো সরকারি কর্মকর্তার শপথ গ্রহণের সময় নির্দিষ্ট ধর্মগ্রন্থ ব্যবহার করার বাধ্যবাধকতা নেই। সংবিধানের ষষ্ঠ অনুচ্ছেদে নির্বাচিত ও সরকারি কর্মকর্তাদের সংবিধানের প্রতি আনুগত্যের শপথ বা অঙ্গীকারের কথা বলা হয়েছে। একই সঙ্গে সরকারি পদে দায়িত্ব পালনের যোগ্যতা হিসেবে কোনো ধর্মীয় পরীক্ষা বা শর্ত আরোপ নিষিদ্ধ করা হয়েছে।
সিনেটের শপথ গ্রহণের প্রচলিত নিয়মে কোনো ধর্মগ্রন্থ হাতে রাখা বাধ্যতামূলক নয়। কেউ ব্যক্তিগত বা পারিবারিক বাইবেল কিংবা অন্য কোনো গ্রন্থ বেছে নিতে পারেন।
























