ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলা ছাত্রদলের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে সংগঠনটির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে সড়কবাজার এলাকায় এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় উপজেলা বিএনপির কার্যালয় ও স্থানীয় সংসদ সদস্য মুশফিকুর রহমানের রাজনৈতিক কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি ঘোষিত আখাউড়া উপজেলা ছাত্রদলের নতুন কমিটিকে কেন্দ্র করে স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়। নতুন কমিটির সভাপতি মোবারক হোসেন ও সাধারণ সম্পাদক জাকারিয়া আহমেদের অনুসারীরা আনন্দ মিছিল বের করলে, পদবঞ্চিত ছাত্রদল নেতা তারিকুল ইসলাম রিফাতের নেতৃত্বে অপর একটি পক্ষ প্রতিবাদ মিছিল নিয়ে সামনে আসে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) তানভীর আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।



















