সাভারের আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ ও বহিরাগতদের বিক্ষোভের মুখে শতাধিক তৈরি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে জিরাবো পুকুরপাড় এলাকায় একটি কারখানায় ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
শিল্প পুলিশ জানায়, দুপুর আড়াইটার দিকে বহিরাগতরা তাহারাত কম্পোজিট লিমিটেড কারখানায় জোরপূর্বক ছুটি ঘোষণার চাপ সৃষ্টি করে। এ সময় ইটপাটকেল নিক্ষেপে এক শ্রমিক আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে অনেক কারখানা কর্তৃপক্ষ বৃহস্পতিবার দুপুরের পর থেকেই কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। দিনভর আশুলিয়া শিল্পাঞ্চলের শতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।




















