সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে জাতীয় সংসদে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম দাবি করেছেন, ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে যে বাইরে থেকে কিছু নিক্ষেপ করার কারণেই বাড়িটিতে আগুন লেগেছে এবং সেখানে মানুষ বসবাস করতেন। অন্যদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তদন্ত শেষ হওয়ার আগেই কোনো সিদ্ধান্তে পৌঁছানো সমীচীন নয় এবং এটি নাশকতা নাকি দুর্ঘটনা তা তদন্ত সাপেক্ষে নিশ্চিত হওয়া যাবে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে এ নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি বক্তব্যের সময় ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা হইচই শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল একাধিকবার সংসদ সদস্যদের শান্ত থাকার আহ্বান জানান।
দ্বিতীয় দফায় পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে নাহিদ ইসলাম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে বাইরে থেকে কিছু নিক্ষেপের দৃশ্য স্পষ্ট। তিনি অভিযোগ করেন, বাড়িটি পরিত্যক্ত ছিল না এবং ঘটনার সময় কেয়ারটেকারের পরিবারসহ সংসদ সদস্যের আত্মীয়স্বজন সেখানে অবস্থান করছিলেন। এছাড়া, নুসরাত তাবাসসুমের ওপর বিগত কয়েক দিন ধরে আসা হুমকি ও তাঁর করা সাধারণ ডায়েরির (জিডি) বিষয়টিও তিনি উল্লেখ করেন।
বিরোধীদলীয় চিফ হুইপ আরও দাবি করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মহল এ ঘটনা নিয়ে উল্লাস করছে এবং স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বক্তব্য দিয়ে তাদের দায়মুক্তি দেওয়ার চেষ্টা করছেন। তিনি ঘটনার দ্রুত বিচার দাবি করেন। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, এ ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে এবং তদন্ত রিপোর্ট আসার আগেই আগুনের কারণ নিয়ে আগাম মন্তব্য করা ঠিক নয়।




















