চট্টগ্রাম নগরের বহদ্দারহাট এলাকায় ফুটপাত দখল করে গড়ে ওঠা দুই শতাধিক অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। বৃহস্পতিবার (১২ নভেম্বর) চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
চসিকের পক্ষ থেকে জানানো হয়, বহদ্দারহাটের ফুটপাত দখল হয়ে যাওয়ায় পথচারীদের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হচ্ছিল। জনস্বার্থ বিবেচনায় ফুটপাত দখলমুক্ত করতে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানে প্রায় দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়ে ফুটপাত জনসাধারণের চলাচলের উপযোগী করা হয়েছে।
অভিযানকালে চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং চান্দগাঁও থানা-পুলিশের একটি দল নিরাপত্তা নিশ্চিত করতে সহযোগিতা করে। নগরের ফুটপাত দখলমুক্ত করতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


























