চট্টগ্রাম নগরের টাইগারপাস এলাকায় শহিদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে পড়ে মেহেদী হাসান (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১১ নভেম্বর) রাত ১১টা ৪০ মিনিটের দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
হাসপাতাল সূত্রে জানা গেছে, খুলশী থানাধীন টাইগারপাস এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে পড়ে যাওয়ার পর তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহত মেহেদী হাসান নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর এলাকার শিয়াচর গ্রামের সুলতান শিকদার ও মমতাজ বেগমের ছেলে।
তবে কীভাবে বা কোন পরিস্থিতিতে তিনি ফ্লাইওভার থেকে নিচে পড়ে গেছেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এটি নিছক দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।


























