দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ জন মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৯০ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও এর উপসর্গজনিত মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ২৯৫ জনে দাঁড়িয়েছে।
বুধবার (১১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা ও ময়মনসিংহ বিভাগে ২ জন করে মোট ৪ জন এবং অন্যান্য বিভাগে আরও ২ জনসহ মোট ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৪৬৪ জন রোগী ভর্তি হয়েছেন।
বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৫৯৬ জন, রাজশাহীতে ৩৫ জন, সিলেটে ১৮৬ জন, চট্টগ্রামে ২৮৬ জন, বরিশালে ১০৭ জন, ময়মনসিংহে ১০৭ জন, খুলনায় ১০৮ জন এবং রংপুরে ৪০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ১৬ হাজার ৮০৬ জন রোগী ভর্তি হয়েছেন, যাদের মধ্যে ২ লাখ ৭ হাজার ৯০৩ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামের রোগীর সংখ্যা ২ লাখ ৪২ হাজার ৭০৯ জন, যার মধ্যে ২৪ হাজার ৭২৩ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।
























