অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও প্রক্রিয়াজাত করার দায়ে মানিকগঞ্জের হরিরামপুর ও সদর উপজেলার চারটি প্রতিষ্ঠানকে ৩৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার বেলা ১১টার দিকে অধিদপ্তরের মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সহযোগিতা করেন ব্যাটালিয়ন আনসার সদস্যরা।
অভিযানকালে মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া বাজারের ‘ড্রিম গার্ল রেস্টুরেন্ট’-কে ৫ হাজার টাকা এবং ‘মেঘলাল মিষ্টান্ন ভান্ডার’-কে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া হরিরামপুর উপজেলার বলড়া এলাকার ‘মিন্টু বেকারি’-কে ১৫ হাজার টাকা ও ‘গৌতম বেকারি’-কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
এ বিষয়ে সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে চার প্রতিষ্ঠানকে মোট ৩৭ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আইন অমান্যকারীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
























