নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদ্রাসায় অগ্নিকাণ্ডে আহত শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত।
একই সঙ্গে অর্ধশতাধিক শিক্ষার্থীর চিকিৎসায় দুটি মেডিকেল বোর্ড গঠনের কথা জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন শিক্ষার্থীদের দেখতে এসে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, যারা আছেন, তাদেরকে পরিচর্যার জন্য দুইটি মেডিকেল বোর্ড ইতোমধ্যেই গঠন করা হয়েছে এবং তাদের যত রকমের পরীক্ষা-নিরীক্ষা লাগছে ইনভেস্টিগেশন, সেগুলো সবকিছু ফ্রি করে দেওয়া হয়েছে।
এই মেডিকেল বোর্ডে ১৩-১৪ জন বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন বলে জানান তিনি।
সোমবার রাত ২টার দিকে ফতুল্লার সাইনবোর্ড এলাকায় জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় আগুন লাগে। পাঁচতলা মাদ্রাসা ভবনের দোতলায় আগুন লাগে। আগুনে ওই তলায় থাকা লাইব্রেরি পুড়ে গেছে।
উদ্ধারকারীদের ধারণা, মাদ্রাসার একটি অংশে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
মুহূর্তের মধ্যে আগুনের ধোঁয়া ভবনের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। এ সময় ভবনে অবস্থানরত শিক্ষার্থীদের মধ্যে তীব্র আতঙ্ক দেখা দেয়। তারা হুড়োহুড়ি করে বের হওয়ার চেষ্টা করে।
এ ঘটনায় আহত ৭৯ জনকে ঢাকার বার্ন ইনস্টিটিউটে আনা হয়। তাঁদের মধ্যে ১৬ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
চিকিৎসকরা বলেছেন, তাঁদের কারও শরীরের কোথাও দগ্ধ হয়নি। তবে অনেকের শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে। চারজনকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে, যাঁদের মধ্যে একজনের অবস্থা ‘আশঙ্কাজনক’।
প্রতিমন্ত্রী এম এ মুহিত বলেন, এই অগ্নিকাণ্ডের ফলে তাদের শ্বাসনালীতে বড় ধরনের সমস্যা হয়েছে। তাদের শ্বাসকষ্ট হচ্ছিল এবং তাদের যে শ্বাসনালী সেখানেও কিছু ইনজুরি হয়েছে।
তিনি বলেন, মূলত মাদ্রাসাটি বহুতল একটা ভবন, সেখানে দোতলায় একটা লাইব্রেরি ছিল এবং প্রশাসনিক অংশটা ছিল। সেখান থেকে অগ্নিকাণ্ডের সূচনা। ফলে উপরতলাগুলোতে তিনতলায়, চারতলায় এই মাদ্রাসার ছাত্ররা ছিল। উপরের দিকে ধোঁয়া ব্যাপক আকারে যাওয়ায় তাদের শ্বাসনালীতে ধোঁয়ার কারণে ক্ষতিগ্রস্ত হয়। আরেকটা জিনিস যেটা যে, তারা ভয়ার্তভাবে যখন ছুটাছুটি করে এবং যে মেন্টাল ট্রমা—এসব মিলিয়ে তারা আহত অবস্থায় হাসপাতালে আসে।
প্রতিমন্ত্রী বলেন, আমাদের বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা প্রথম থেকেই তাদের অত্যন্ত যত্ন সহকারে সঠিকভাবে চিকিৎসা দিয়েছেন। আমাদের ডাক্তাররা দুইটা মেডিকেল বোর্ডের মাধ্যমে প্রত্যেকটা রোগীকে নিবিড় পরিচর্যায় যথাযথভাবে চিকিৎসা দিচ্ছেন। অনেকেই মোটামুটি রিকভার করছেন। আমরা আশা করি যে, আজকে সন্ধ্যা বা রাতের মধ্যে আরো প্রায় ৩০ জনকে আমরা ছুটি দিয়ে দিতে পারব। বাকি যারা আছেন, তারা এখন পর্যন্ত ভালো আছেন।
আইসিইউতে থাকা চার শিক্ষার্থীর বিষয়ে তিনি বলেন, তাদেরকে আইসিইউ যথাযথভাবে দেখা হচ্ছে, ইনশাল্লাহ তারাও রিকভার করবেন।
এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ‘প্রায়ই ঘটে’ মন্তব্য করে তিনি এ বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।























