গাইবান্ধার ব্রহ্মপুত্র নদের বিচ্ছিন্ন চরাঞ্চল সিধাই গ্রামে বন্যার সময় নিরাপদ আশ্রয়ের জন্য নির্মাণ করা হয়েছে ‘খুদি বাড়ি’। স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘সৃজনশীল গাইবান্ধা ফাউন্ডেশন’ এবং অ্যাকশনএইড বাংলাদেশের সহায়তায় বাঁশ ও ইস্পাতের কাঠামোয় তৈরি এই বাড়িটি দুর্যোগের সময় চরাবাসীর জন্য নতুন আশা জাগিয়েছে।
পাঁচ দিনের প্রচেষ্টায় নির্মিত এই বাড়িটি একই সঙ্গে সাত থেকে আটজন মানুষের আশ্রয়স্থল হিসেবে কাজ করবে। এছাড়া বন্যার পানিতে গুরুত্বপূর্ণ কাগজপত্র ও মূল্যবান সামগ্রী নিরাপদে রাখার সুযোগ তৈরি হবে। স্থপতি মেরিনা তাবাশ্যুমের নকশায় তৈরি এই বাড়িটি নির্মাণে ব্যয় হয়েছে ১ লাখ ৫০ হাজার টাকা।
সিধাই গ্রামের বাসিন্দা সাজেদা বেগমের দেওয়া জায়গায় নির্মিত এই বাড়িটি বন্যার সময় চরাঞ্চলের মানুষের জীবনযাত্রা ও নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করছেন উদ্যোক্তারা।























