পলাতক সাবেক প্রধানমন্ত্রী ও ফ্যাসিস্ট শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার আইনি সুযোগ নিয়ে তীব্র প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি স্পষ্ট করে বলেছেন, যিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন এবং যার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে, তিনি কোনোভাবেই এসব রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা পেতে পারেন না।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের অডিটোরিয়ামে আয়োজিত বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক জাতীয় প্রতিযোগিতার রাজশাহী বিভাগীয় পর্বের অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রিজভী আরও বলেন, ২০২৪ সালে ফ্যাসিস্ট সরকারের পতনের পর শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান। অথচ এখন শোনা যাচ্ছে তিনি পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করবেন। একজন পলাতক ব্যক্তি কীভাবে এই সুবিধা পান, সেই জবাব সংশ্লিষ্টদের দিতে হবে।
সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বক্তব্যের প্রসঙ্গ টেনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, শেখ হাসিনার শাসনামলে বিএনপির বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। তৎকালীন আইনমন্ত্রী বলেছিলেন, পলাতক ব্যক্তির বক্তব্য প্রচার করা যায় না। তাহলে এখন একজন পলাতক ও দণ্ডিত ব্যক্তির পাসপোর্ট পাওয়ার বিষয়টি কীভাবে বিবেচিত হচ্ছে?
প্রধানমন্ত্রী তারেক রহমানের কথা উল্লেখ করে তিনি বলেন, তারেক রহমান পলাতক ছিলেন না; বরং তাকে শারীরিকভাবে নির্যাতন করে পঙ্গুত্বের পর্যায়ে নেওয়া হয়েছিল এবং চিকিৎসার প্রয়োজনে তিনি দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন। অথচ শেখ হাসিনা সবার চোখের সামনে দিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন। আবু সাঈদ, মুগ্ধসহ জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের বিচার সংবিধান অনুযায়ী নিশ্চিত করাই বর্তমান সরকারের লক্ষ্য। তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর।























