নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের আর্থিক দুর্দশা লাঘবে সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু। তিনি বলেন, সরকারের মূল লক্ষ্য হলো সবার আগে স্বাবলম্বী পরিবার এবং সবার আগে বাংলাদেশ গড়ে তোলা। রোববার (৮ নভেম্বর) বান্দরবান পার্বত্য জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা পরিষদ ও সমবায় অধিদপ্তরের যৌথ আয়োজনে ‘৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা, চেক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ করা হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, স্থায়ী অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে নিত্যনতুন আয়ের উৎস তৈরিতে কাজ করছে সরকার। পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক বিপ্লবের রূপরেখা তুলে ধরে সাচিং প্রু বলেন, এ অঞ্চলের ২৬টি উপজেলায় মাটির গুণাগুণ নিয়ে গবেষণায় কফি, কাজুবাদাম, রামবুটান, মাশরুম, চুইঝাল ও লটকন চাষের ব্যাপক সম্ভাবনা দেখা গেছে।
বিশেষ করে রুমা ও থানচিকে কফি চাষের জন্য অত্যন্ত উপযোগী উল্লেখ করে মন্ত্রী বলেন, চাষিদের পানির সমস্যা মেটাতে রুমায় ৫ হাজার লিটার পানি সরবরাহের দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ছাড়া লাভজনক প্রকল্প হিসেবে বিদেশে রপ্তানিযোগ্য লাল মাশরুম, দেশি মুরগি এবং মসলাজাতীয় ফসল—আদা, হলুদ ও জিরা চাষে উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
এ সময় শিক্ষিত বেকার তরুণ-তরুণীদের চাকরির পেছনে না ছুটে দক্ষ উদ্যোক্তা হওয়ার পরামর্শ দেন মন্ত্রী। তিনি সমবায় বিভাগকে সার্বজনীন প্রকল্প গ্রহণ ও জনসচেতনতা বৃদ্ধির নির্দেশ দেন। একই সঙ্গে তরুণ সমাজকে মাদকের হাত থেকে দূরে রাখতে খেলাধুলা ও সবুজ পরিবেশ গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।


























