জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রাম নগরের আগ্রাবাদে আয়োজিত বিএনপির একটি কর্মসূচির মাইকে হঠাৎ বেজে ওঠে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে লেখা গান। ‘বঙ্গবন্ধুর কন্যা তুমি বাংলাদেশের নেতা’ শিরোনামের গানটি বাজার একটি ৩৬ সেকেন্ডের ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে।
শনিবার আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ইউটিউব থেকে বিএনপির দলীয় গান প্রচার করার সময় অটো-প্লে ফিচারের কারণে অসাবধানতাবশত গানটি চালু হয়ে যায়। তবে বিষয়টি নজরে আসতেই তাৎক্ষণিকভাবে তা বন্ধ করে দেওয়া হয়।
জানা গেছে, দিবসটি উপলক্ষে শনিবার সকাল থেকেই আগ্রাবাদসহ নগরের বিভিন্ন পয়েন্টে মাইকে বিএনপির দলীয় গান ও নেতাদের বক্তব্য প্রচার করা হচ্ছিল। এরই একপর্যায়ে আগ্রাবাদের ওই কর্মসূচির মাইকে শেখ হাসিনার বন্দনামূলক গানটি বেজে ওঠে, যা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।
এ বিষয়ে চট্টগ্রাম নগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান জানান, দিনভর দলীয় কর্মসূচিতে ব্যস্ত থাকার কারণে বিষয়টি তিনি তাৎক্ষণিকভাবে জানতে পারেননি। তবে এর পেছনে কারও অসৎ উদ্দেশ্য বা ষড়যন্ত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। বিএনপির যুগ্ম আহ্বায়ক ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত শওকত আজম খাজাও বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছেন।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ ফয়সল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আয়োজকদের সঙ্গে কথা বলেছে। আয়োজকরা জানিয়েছেন, এটি সম্পূর্ণ অনিচ্ছাকৃত ভুল ছিল। ইউটিউবে গান বাজার সময় স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী ট্র্যাক হিসেবে গানটি চালু হয়েছিল এবং বোঝার সঙ্গে সঙ্গেই তা বন্ধ করা হয়।


























