আগামী পাঁচ বছরে বিদেশি পর্যটকদের সেবায় সুবিধা বাড়ানো এবং চীনে ভ্রমণকে আরও সহজ করে তুলবে চীন। এমন ঘোষণা দিয়েছেন দেশটির সংস্কৃতি ও পর্যটনমন্ত্রী সুন ইয়েলি।
২০২৬-৩০ সময়কালের ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় ভিসা, কর ফেরত, আবাসন ও পরিবহন সংক্রান্ত সেবা চীনে আরও উন্নত হবে বলেও তিনি জানান।
মন্ত্রী বলেন, চীন উচ্চমানের পর্যটন পণ্য ও রুট তৈরি করবে, পর্যটনভিত্তিক ভোক্তা ক্লাস্টার গড়ে তুলবে এবং আন্তর্জাতিক পর্যটকদের আকর্ষণ করতে ধারাবাহিক প্রচার কার্যক্রম চালু করবে।
এখন পর্যন্ত চীন ২৯টি দেশের সঙ্গে পারস্পরিক ভিসামুক্ত চুক্তি করেছে এবং ৪৮টি দেশের নাগরিকদের একতরফাভাবে ভিসা ছাড়াই প্রবেশের অনুমতি দিচ্ছে। ২৪০ ঘণ্টার ভিসামুক্ত ট্রানজিট নীতির আওতায় থাকা প্রবেশবন্দর এখন ৬৫টিতে দাঁড়িয়েছে।
এ বছরের তৃতীয় প্রান্তিকে বিদেশি নাগরিকরা চীনে ভিসামুক্ত নীতির আওতায় ৭২ লাখ ৪৬ হাজারবার ভ্রমণ করেছেন, যা গত বছরের একই সময়ের তুলনায় ৪৮.৩ শতাংশ বেশি।
এদিকে, ভিসা-মুক্ত সুবিধার আওতায় চলতি বছরে এখন পর্যন্ত উত্তর চীনের থিয়েনচিন বিনহাই আন্তর্জাতিক বিমানবন্দরে দিয়ে ৮০ হাজারের অধিক বিদেশি নাগরিক চীনে এসেছেন। সংখ্যাটি গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ছয় গুণ বেশি।
সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছর এই বিমানবন্দর দিয়ে প্রবেশ ও বহির্গমনকারী যাত্রী পারাপারের সংখ্যা ১০ লক্ষ ১০ হাজার ছাড়িয়েছে।
শিল্প পর্যবেক্ষকদের মতে, এই বিদেশি যাত্রীরা বিভিন্ন উদ্দেশ্যে এসেছেন, যার মধ্যে রয়েছে পর্যটন, ব্যবসায়িক বৈঠক, চাকরি এবং পরিবারের সঙ্গে দেখা করা।
সূত্র: সিএমজি
রিপোর্টারের নাম 



















